চা আগে না লাঞ্চ আগে—প্রশ্ন করলে বেশির ভাগই বলবেন, লাঞ্চের পর চা। টেস্ট ক্রিকেটেও যুগ যুগ ধরে সেই রীতিই চলে আসছে—আগে লাঞ্চ বিরতি, পরে চা বিরতি। তবে শত বছরের বেশি সময় ধরে প্রচলিত এই নিয়ম ভাঙতে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে।
আগামী ২২ নভেম্বর আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে আগে দেওয়া হবে চা বিরতি, তারপর লাঞ্চ বিরতি। টেস্ট ক্রিকেটে এই প্রথম এমন পরিবর্তন হতে যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচ দিয়েই বর্ষাপাড়া স্টেডিয়ামের টেস্ট অভিষেক হতে চলেছে।
টেস্ট ক্রিকেটে সাধারণত দিনে দুটি বিরতি থাকে—৪০ মিনিটের লাঞ্চ বিরতি ও ২০ মিনিটের চা বিরতি। কিন্তু গুয়াহাটিতে দিনের দৈর্ঘ্য কম হওয়ায় এবার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চলে নভেম্বরের শেষদিকে সূর্যোদয় ও সূর্যাস্তের ব্যবধান তুলনামূলক কম। তাই খেলা সকালে শুরু করে বিকেলে শেষ করতে হবে আগেভাগেই।
সেই অনুযায়ী, ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়, এবং প্রথম সেশন শেষ হবে ১১টায়। প্রচলিত নিয়মে এ সময় লাঞ্চ বিরতি হওয়ার কথা থাকলেও এবার সেখানে হবে ২০ মিনিটের চা বিরতি।
দ্বিতীয় সেশন চলবে ১১টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, এরপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। দুপুর ২টায় তৃতীয় সেশন শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “গুয়াহাটিতে দিন শুরু হয় তাড়াতাড়ি, শেষও হয় দ্রুত। তাই প্রথমবারের মতো আগে চা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মাঠে খেলার জন্য বাড়তি সময় পাওয়া যায়।”
সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। লাঞ্চ বিরতি হয় ১১টা ৩০ মিনিটে, এবং চা বিরতি ২টা ১০ মিনিটে। কিন্তু গুয়াহাটির বিশেষ অবস্থার কারণে এবারই প্রথম ‘টি-ব্রেক–ফার্স্ট’ রীতি প্রয়োগ করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার টেস্ট দিয়ে।
